রৌমারীতে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকরা মজুরি পাননি

আপডেট : ২৯ মে ২০২২, ১৮:৩৮

কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির (মঙ্গা) প্রকল্পের ১৩২ জন শ্রমিক মজুরির টাকা পাননি। শনিবার (২৮ মে) সকালে বন্দবেড় ইউনিয়ন পরিষদে গিয়ে জানা যায়, ২০২২ অর্থবছরে উপজেলার বন্দবেড় ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি (মঙ্গা) প্রকল্পের আওতায় প্রথম দফায় ৪০ দিনের জন্য মোট ৪৮০ জন শ্রমিক কাজ করেন।  

শ্রমিকরা ৪০০ টাকা মজুরি হিসাবে প্রত্যেক জন ১৬ হাজার করে টাকা পাওয়ার কথা থাকলেও ৩৪৮ জন শ্রমিক ৮ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে পেয়েছে। অন্যদিকে একই সঙ্গে কাজ করা ১৩২ জন শ্রমিক এখন পর্যন্ত কোনো টাকাই পায়নি।  

শ্রমিক হাফিজা খাতুন, এজেদা, জয়নাল ও লতিফ বলেন, ৪০ দিনের কাজ শেষ করেছি, কিন্তু এক টাকাও পাইনি।  

মঙ্গার শ্রমিক সরদার গোলাম হোসেন বলেন, আমার সাইডে ৯৩ জনের মধ্যে ২৮ জন একটি টাকাও পায়নি।  

বন্দবেড় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের বলেন, স্থানীয় প্রশাসন জোরালো উদ্যোগ নিয়ে সমাধানের চেষ্টা করলে অনেক আগেই শ্রমিকরা টাকা পেত। 
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, শ্রমিকদের হিসাব নম্বর খুলতে একটু সময় বেশি লেগেছে। ইতিমধ্যে হিসাব নম্বর খুলে পাঠানো হয়েছে। তারা টাকা পাবে। তবে কিছুটা সময় লাগবে। 

ইত্তেফাক/এআই