মতলব উত্তরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২২, ২০:৫৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচঁগাছিয়া গ্রামের একটি পুকুর থেকে মোঃ আশিফুর রহমান নিশাত (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রবিবার (২৯ মে) বিকেলে উপজেলার পাঁচগাছিয়া গ্রামের চাঁন মিয়া প্রধানের বাড়ির সংলগ্ন পুকুর থেকে নিশাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

সে উপজেলার পাঁচগাছিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছোট ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। তারা ৪ ভাই। ৪ ভাইয়ের মধ্যে নিশাত সবার ছোট।

পারিবারিক সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের দশম শ্রেণির (চলতি এসএসসি পরীক্ষার্থী) মোঃ আশিফুর রহমান নিসাত (১৯) শনিবার (২৮ মে) সকাল ১১টার সময় নাস্তা খেয়ে বাসা থেকে বের হন। রাতে আর বাসায় ফেরেনি। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। তার বাবা-মা বিকেল থেকে রাত পর্যন্ত আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। রবিবার (২৯ মে) বিকেলে নিহত নিশাতের ফুফু পুকুর পাড়ে কাঁঠাল পাড়তে গিয়ে নিশাতের লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এরপর পুলিশকে খবর দিলে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ও ওসি তদন্ত মো. মাসুদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন। এসময় পুকুর পাড় থেকে নিহত আশিফুর রহমান নিশাত (১৯) এর ব্যবহৃত এনড্রয়েড মোবাইল ও এক জোড়া স্যান্ডেল পাওয়া গেলে তা জব্দ করা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশের প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএএম