জামায়াত ছাড়া বিএনপি অচল :কাদের

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত ছাড়া বিএনপি অচল। তারা একই বৃন্তে দুটি ফুল। জামায়াত বিএনপি অতীতেও এক সঙ্গে রাজনীতি ও সাম্প্রদায়িকতা করেছে। এখন জামায়াতের পৃষ্ঠপোষক বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তাদের (বিএনপি) ভেতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতারা এখন মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় পার্লামেন্ট মনে করেছে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের সহায়ক পরিবেশ বিরাজ করছে। তাই তারা নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠাবে না। এটা তাদের ইন্টারনাল বিষয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের অনেকেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত।  

বিএনপির প্রতি ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, তারা যদি নির্বাচনে না এসে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়ে গেছে তাহলে হবে না। অবশ্য তারা নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে সেটা তারাও জানেন। জাতীয় পার্টি (জাপা) প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিকে বলেছি প্রয়োজনে ৩০০ আসনে আপনাদের প্রার্থী দিয়ে দেন। কিন্তু যোগ্য এবং উইনেবল হতে হবে। আমরা যাদের যোগ্য এবং উইনেবল মনে করেছি তাদের মনোনয়ন দিয়েছি। কামাল হোসেনের ঐক্যফ্রন্টের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের হচপচ অবস্থা; ঐক্যফ্রন্টে ঐক্য নেই। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।