৩৫ বছর পর ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ৩০ মে ২০২২, ১৫:৫৫

মানিকগঞ্জ সদরে ডাকাতির মামলায় দশ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মজিদ (৬৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩০ মে) সকালে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি আব্দুল মজিদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বংরুই এলাকায়। র‌্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ১৯৮৫ সালে মানিকগঞ্জ সদর উপজেলার ছকাই এলাকার নদীর চরে এক কাপড় ব্যবসায়ীর কাপড় ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনায় সদর থানায় মামলা হয় এবং মামলার কয়েকদিন পর আসামী আব্দুল মজিদকে গ্রেফতার করে পুলিশ। এরপর জামিনে এসে পলাতক থাকেন আসামি। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে দশ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয়ের পাটুরিয়া এলাকা থেকে ৩৫ বছর পর দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাজা থেকে বাচঁতে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন বলেও তিনি জানান।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশ অনুযায়ী আসামীকে কারাগারে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি