কাজ ভাগাভাগিকে কেন্দ্র করে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ মে ২০২২, ১৯:২৩

কুড়িগ্রাম পুরাতন শহরের জলিল বিড়ি ফ্যাক্টরিতে কর্মরত কলেজছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ মে) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভেতরে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম মাঈদুল ইসলাম বাপ্পি (২২)। সে শহরের ধরলা সেতু এলাকার মাটিকাটা মোড়ের খাদেম আলীর ছেলে এবং কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও ছুড়িকাঘাতকারী খোকন ইসলাম দু’জনই কুড়িগ্রাম পুরাতন শহরের জলিল বিড়ি ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করতো। সোমবার বিকেল ৩টার দিকে ফ্যাক্টরির ভেতরে কাজ ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকন মাঈদুলকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। বাপ্পীর লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মরচুয়ারীতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে কাজ ভাগাভাগি নিয়ে দুইজন শ্রমিকদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে টিসু কাটার কাঁচির আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযুক্ত খোকন মিয়াকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। 

ইত্তেফাক/এএএম