চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পেলো ২ স্কুলছাত্রী

আপডেট : ৩০ মে ২০২২, ২০:৪৯

চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পেলো দুই স্কুলছাত্রী। সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া বাজারের পশ্চিম পাশের শামান্তা ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জসিম উদ্দিন (১৮) নামে এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। জসিম উদ্দিন সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহসিনিয়া পাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে।  ভুক্তভোগীরা খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্কুল সূত্রে জানা যায়, ওই দুই ছাত্রী কক্সবাজার-থ -১১-৬৬০২ নম্বরের একটি অটোরিকশায় স্কুলে যাচ্ছিল। খরুলিয়া বাজারে আসার পর অন্য যাত্রীরা নেমে যায়। স্কুল গেটে ওই দুই ছাত্রী নামতে চাইলে চালক গাড়ি না থামিয়ে কক্সবাজার শহরের দিকে রওনা দিতে থাকেন। এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে দুজনেই লাফ দিলে গুরুতর আহত হয়। এ সময় তারা চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। তারা চালক জসিমকে আটক করে স্কুলে নিয়ে যায়। পরে তাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, জসিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  উভয়ের অভিভাবক থানায় আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

ইত্তেফাক/ইউবি