সোমবার (২৯ মে) দুপুরে যশোর শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে ড্রামভর্তি কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
স্থানীয়রা জানান, ঐ এলাকার বজলুর রহমান আড়াই বছর আগে একটি জমি কেনেন। ঐ জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছিল। সোমবার পাইলিং করতে গিয়ে মাটির নিচে একটি ড্রামের সন্ধান পায় শ্রমিকেরা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাম খুলে মানুষের কঙ্কাল উদ্ধার করে। ঐ জমিতে কাজ করতে আসা শ্রমিক নুরনবী ও ছাত্তার, জানান, তারা পাইলিং এর সময় ড্রামটি দেখতে পান। ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেওয়া ছিল। দুর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুকে জানান।
শ্রমিকের পুরুষাঙ্গ কাটা ও চোখ উপড়ানো মরদেহ উদ্ধার : এদিকে জেলার বাঘারপাড়ায় এক ধানকাটা শ্রমিককে হত্যা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে পুরুষাঙ্গ কাটা এবং ডান চোখ উপড়ানো অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঐ শ্রমিকের নাম নকিম উদ্দিন মোল্যা (৬০)। তিনি বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের দলিল উদ্দিন মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীদের কয়েক জন জানান, সোমবার সকালে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের বেনজীর আহমেদ বাড়ির একটি কক্ষে নকিম উদ্দিন মোল্যার লাশ পড়ে ছিল। সকাল ৬টার দিকে বাড়ির মালিক নকিম উদ্দিন মোল্যার লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং এলাকাবাসী কয়েক জনকে জানান। তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
