যশোরের চৌগাছায় নিখোঁজের তিন দিন পর একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী উপজেলা ঝিকরগাছার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত একলাস চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নিজের প্রায় নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন একলাস। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরদিন ২০ সেপ্টেম্বর তাঁর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকায় কপোতাক্ষ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে উদ্ধারকৃত মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।
ঝিকরগাছা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাস হোসেনকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

