খুলনা ও সাতক্ষীরায় সেনাবাহিনী কর্তৃক পুন:নির্মাণ ও সংস্কারকৃত বাঁধ হস্তান্তর

আপডেট : ৩১ মে ২০২২, ১১:৫২

সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১১ জায়গায় ক্ষতিগ্রস্ত প্রায় ১১ কিলোমিটার বাঁধ সংস্কার ও পুন:নির্মাণের পর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিকট হস্তান্তর করেছে। এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১৪৫ কোটি টাকা।

সোমবার (৩০ মে) দুপুরে কয়রা উপজেলা ডাকবাংলোয় সেনাবাহিনীর ক্যাম্পে এক অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়ার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের প্রতিনিধি হিসেবে কমান্ডার ১০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে জানানো হয়, পুনর্বাসন কার্যক্রম চালু থাকা অবস্থাতেই ২০২১ সালের আগস্ট মাসে ভারি মৌসুমি বৃষ্টিপাতের ফলে আম্ফানে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১১ টি জায়গায় প্রায় ১০ দশমিক ৫৩ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় বারবার বাঁধের ভাঙ্গন রোধকল্পে সরকার দ্রুত বাঁধ মেরামত ও সংস্কার এবং টেকসই বাঁধ নির্মাণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে তাদের কাজ শুরু করে। মহামারি কোভিডের মধ্যেও সেনাবাহিনী দেশের জনগণকে রক্ষায় কাজ চালিয়ে যায় এবং প্রকল্প শেষ হবার সম্ভাব্য তারিখের আগেই কাজ শেষ করে। প্রকল্পের সফল বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত ছিল সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।  এই প্রকল্প শেষে খুলনা ও সাতক্ষীরা জেলার তিনটি উপজেলার প্রায় ২ লাখ মানুষ পানি মুক্ত হয়েছে। এছাড়াও তাদের ঘরবাড়ি,আবাদী জমি ও মাছের ঘের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এছাড়া এই অঞ্চলের মানুষের জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। 

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাবের বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

পরে সরেজমিন সাংবাদিকদের সেনাবাহিনী কর্তৃক সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের পুন:নির্মাণকৃত চাকলা বাঁধ দেখানো হয়। 

ইত্তেফাক/ইআ