নওগাঁয় চালের মূল্যবৃদ্ধিতে বিপাকে ক্রেতারা

আপডেট : ৩১ মে ২০২২, ১৩:৩৫

বোরোর ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম। প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বাজারে চাল কিনতে গিয়ে ভোক্তারা বিপাকে পড়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:

রাণীনগর (নওগাঁ): নওগাঁয় ভরা বোরো মৌসুমেও হঠাৎ করেই চালের দাম লাফিয়ে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি এই দামের প্রভাব খুচরা বাজারেও পড়েছে। শহরের খুচরা বাজারে চাল কিনতে আসা রিকশাচালক রহিম উদ্দিন, দিনমজুর আব্দুল খালেকসহ অনেকেই বলেন, ‘দিনমজুরির কাজ করে যে টাকা মজুরি হিসেবে পাই, চাল কিনতে এসে তার পুরোটাই চলে যাচ্ছে। অন্যান্য বাজার তো দূরের কথা।’ পৌর চাল বাজারের খুচরা বিক্রেতা উত্তম সরকার বলেন, পাইকারি কেনার ওপর খুচরা দর ঠিক করা হয়। দাম বাড়ানো বা কমানো কোনো কিছুতেই খুচরা বিক্রেতাদের কিছুই করার থাকে না। 

বর্তমানে খুচরা বাজারে কাটারিভোগ চাল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ৬৮টাকায়, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। জিরাশাইল চাল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গরিবের চাল হিসেবে খ্যাত স্বর্ণা-৫ এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪২ টাকায়, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর অন্যান্য চালের দাম তেমন একটা বাড়েনি। তবে নিয়মিতভাবে যদি সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হতো, তাহলে এভাবে হুটহাট করে চালের দাম বাড়ত না। নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মকবুল হোসেন বলেন, গত দুই-তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই চালের দাম বাড়ছে। অবস্থা এমন হয়েছে, এক দিন পরপর মোকামে প্রতি বস্তা চালের দাম ৫০ থেকে ৮০ টাকা করে বাড়ছে।

জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, বেশি দামে ধান কেনার পর চাল উত্পাদনের পর খরচ সমন্বয় করতে গিয়ে চালের দাম বাড়াতে হচ্ছে। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, চালের দাম বাড়ার সংবাদ আমি পেয়েছি। চালের অস্থির বাজারকে স্থির করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। সেই সঙ্গে যেসব অসাধু ব্যবসায়ী অকারণে চালের দাম বাড়িয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাদেবপুর (নওগাঁ): বাজারে বোরো চাল আসার পরেও প্রতিদিনই অস্বাভাবিকভাবে বাড়ছে চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। এতে চাল কিনতে গিয়ে বিপাকে পড়েছেন ভোক্তারা। চালকল মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি বলেন, বাজারে ধানের দাম বাড়লে চালের দাম বাড়বে এটাই স্বাভাবিক। গত এক সপ্তাহে ধানের দাম মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে বলেও তিনি জানান। স্থানীয় একটি অটোমেটিক রাইস মিলের মালিক রণজিত কুন্ডু বলেন, অটোমেটিক রাইস মিলগুলোতে মজুত দূরে থাক, প্রতিদিনের ছাঁটাই ক্ষমতা অনুযায়ী ধান সংগ্রহ করাই কঠিন হয়ে পড়েছে।

 

ইত্তেফাক/ইআ