গত বছর থেকেই জাতীয় দলের সঙ্গে আছেন শহীদুল ইসলাম। ডানহাতি পেসার লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও বেশ দক্ষ। এখন পর্যন্ত একটি টি-২০ খেলা এই শহীদুলকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি-২০ স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু ইনজুরির কারণে সফর থেকে ছিটকে গেছেন ২৭ বছর বয়সী এ পেসার|
সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন তিনি। সুস্হ হতে অন্তত দেড় মাস সময় লাগবে। জিম্বাবুয়ে সফরের আগে ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
ক্যারিবিয়ানগামী বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদকে আগেই অন্তভুর্ক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। এবার শহীদুলের ইনজুরির কারণে টেস্টেও ফেরানো হচ্ছে এ তরুণকে। সম্প্রতি ঢাকা টেস্টের আগে নেটে দ্রুতগতির এ পেসারের বোলিং দেখে সন্তুষ্ট হয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। ফিট থাকায় হাসানকে টেস্ট খেলানোর পরিকল্পনাও আছে টিম ম্যানেজমেন্টের।
এদিকে, চার ভাগে ক্যারিবিয়ানে যাবেন টেস্ট দলের ক্রিকেটাররা। আগামী ৩, ৫, ৬ ও ৮ জুন চারটি গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরা দেশ ছাড়বেন। ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটাররা ২২ জুন উড়াল দেবেন।
