সুন্দরবনে হোগলডাঙ্গা খাল থেকে জেলে অপহূত

আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:০২

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে হোগলডাঙ্গা খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব-জিয়া বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে এক জেলেকে অপহরণ করেছে । গত বৃহস্পতিবার রাত ৩টায় সুন্দরবনের হোগলডাঙ্গা খাল থেকে তাকে অপহরণ করা হয়। অপহূত জেলে হলেন, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে আনছার শেখ (৪৫)।

অপহূত জেলের বরাত দিয়ে ফিরে আসা জেলে ধুমঘাট গ্রামের আজগর আলী জানান, হোগলডাঙ্গা খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে আনছারকে অপহরণ করে। এ সময় মুক্তিপণের জন্য এক লাখ টাকা দাবি করেছে জোনাব-জিয়া বাহিনী।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, জেলে অপহরণের বিষয়ে লোকমুখে শুনেছি। তবে জেলেদের পক্ষে কেউ অভিযোগ করেনি।