রিভিউ তথা ডিআরএস প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ দল কখনোই পরিপক্বতা দেখাতে পারেনি। রিভিউ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয় অধিনায়ককে।
যদিও মুমিনুল হক অনেকবারই বলেছেন, রিভিউর সিদ্ধান্ত নেওয়া হয় উইকেটকিপার, ক্লোজ ইন ফিল্ডারদের কথা শুনে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কিপিংয়ে থাকা লিটন দাস যেমন কয়েকটি সিদ্ধান্ত সঠিক নিতে পারেননি। মিরপুরে দ্বিতীয় টেস্টে এবাদত হোসেনের বলে দিমুথ করুনারত্নের বিপক্ষে এলবির জোরালো আবেদন ছিল, আম্পায়ার আউট দেননি, লিটন সাড়া না দেওয়ায় রিভিউ নেওয়া হয়নি। পরে রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলেই আউট হতেন করুণারাত্নে।
এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরেও খালেদ আহমেদ কিংবা নিউজিল্যান্ড সফরে তাসকিন আহমেদের বলে কট বিহাইন্ডের শব্দ ঠিকঠাক ধরতে পারেননি লিটন। তবে এসব নিয়ে লিটনকে কাঠগড়ায় তুলতে চান না বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। কিপার স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়ান, তাই অনেক সময় ব্যাটের কানায় বল লাগলেও সেটি টের পাওয়া যায় না।
গতকাল মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের ম্যাকডারমট বলেছেন, ‘শুধু লিটন না, আম্পায়াররাও অনেক সময় এসব মৃদু শব্দ (নিক) শুনতে পায় না। এখানে খুবই সূক্ষ্ম বিষয় থাকে এবং এটি খুবই কঠিন আসলে। অনেক দর্শক থাকে, ম্যাচের মধ্যে অনেক কিছু চলতে থাকে। এছাড়া তার তো স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়াতে হয়।’
উইকেটের পেছনে লিটন দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছেন বলেই রায় এই অস্ট্রেলিয়ানের। তিনি বলেন, ‘কখনো কখনো সে (লিটন) এসব মৃদু শব্দের ক্ষেত্রে আম্পায়ার-বোলারের চেয়ে দূরে থাকে। আমার মনে হয় না লিটন খুব বেশি মিস করেছে। মাঝেমধ্যে স্ট্যাম্প মাইকও ঠিকঠাক ধরতে পারে না এগুলো। আমার মতে লিটন উইকেটের পেছনে অসাধারণ করছে।’
