রাশিয়ার আক্রমণে অন্তত ২৬২ শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২২, ১১:৩৫

রাশিয়ার ইউক্রেন অভিযানে এখনো পর্যন্ত অন্তত ২৬২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানালো জাতিসংঘের শিশু সংক্রান্ত সংস্থা ইউনিসেফ। দেশটিতে থেকে যাওয়া এবং বাইরে পালিয়ে যাওয়া অন্তত ৫০ লাখ শিশুর ন্যূনতম সাহায্য প্রয়োজন বলে রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি।

ডয়েভে ভেলের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ৩০ লাখ শিশু এখনো ইউক্রেনে। যাদের অনেকেই সামান্য খাবার এবং পানীয় পাচ্ছে না। ২২ লাখ শিশু ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে। তাদের সামগ্রিকভাবে সাহায্য প্রয়োজন বলে ইউনিসেফের রিপোর্টে বলা হয়েছে।

রিপোর্টের দাবি, এখনো পর্যন্ত শতাধিক স্কুল ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ১ জুন ইউক্রেন, রাশিয়া-সহ বহু দেশে শিশুদিবস পালন করা হয়। সেই উপলক্ষেই এই রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ। তারা জানিয়েছে, আগামী ৩ জুন যুদ্ধের একশ দিন হবে। এই একশ দিনে ইউক্রেনের শিশুরা কী ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চিত্রই রিপোর্টে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের ডিরেক্টর ক্যাথেরিন রাসেল।

তিনি বলেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা না হলে শিশুদের আরো ক্ষতি হবে। সে কথা মাথায় রাখা উচিত।

ইত্তেফাক/টিআর