সৈয়দপুরে হাটবাজারে উঠতে শুরু করেছে পাকা কাঁঠাল

আপডেট : ০১ জুন ২০২২, ১১:৫৪

নীলফামারীর সৈয়দপুর ও তার আশপাশের এলাকায় এবার প্রচুর কাঁঠাল এসেছে। গাছগুলিতে ঝুলছে কাঁঠাল আর কাঁঠাল। কোনো কোনো বাগানের আগাম জাতের কাঁঠাল পাকতে শুরু করেছে। বাগানের মালিকরাও গাছপরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যেই উপজেলার হাটবাজারগুলোতে পাকা কাঁঠাল উঠতে শুরু করেছে। ব্যবসায়ীরা কাঁঠাল কিনতে ভিড় করছেন বাজারগুলোতে।

জানা যায়, এখানকার অধিকাংশ কাঁঠাল গাছগুলো বাগানভিত্তিকও উৎপাদিত হয় না। সাধারণত বাড়ির আঙিনায়, রাস্তার দুই ধারে, স্কুল ও কলেজের চত্বরে প্রচুর কাঁঠাল গাছের দেখা মেলে।

আর এসব গাছে ঝুলে থাকা কাঁঠালের দৃশ্য অনেকের নজর কাড়ে। কৃষকরা বলছেন, এ বছর কাঁঠালের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে ফলন বেশি হলে দাম না পাওয়ার আশঙ্কাও রয়েছে। এলাকায় কাঁঠাল প্রক্রিয়াজাত করার ব্যবস্থা না থাকায় কৃষকরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়।

তারা আরো জানান, কোনো কোনো পরিবার ফল মৌসুমে কাঁঠাল বিক্রি করে সারা বছরের আয় করে থাকে। কাঁঠালের ভরা মৌসুম এ সময় পাইকার ও শ্রমিক শ্রেণির লোকদের বাড়তি আয়ের সুযোগ হয়।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, ধান, গম, সরিষার পাশাপাশি কাঁঠাল আবাদে কৃষকরা লাভবান হচ্ছেন।

ইত্তেফাক/এমআর