নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২২, ১৪:৩৭

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনে গর্তে বৃষ্টির জমানো পানিতে ডুবে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) রাতে বড়খাপন ইউনিয়নের বাঘসাত্রা গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে মাহিন (৪) ও পূর্বধলায় পূর্ণিমা আক্তার (১০) নামের দুই  শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশু আব্দুল্লাহ বাঘসাত্রা গ্রামের মুখলেছুর রহমানের ছেলে। আর মাহিন দুর্গাপুরের গাওকান্দিয়া গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক সাইদুল ইসলামের ছেলে ও পূর্ণিমা আক্তার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের মো. আইন উদ্দিনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ গতকাল সন্ধ্যায় বসত ঘরের বারান্দায় খেলা করছিল। একপর্যায়ে শিশুটি পরিবারের অজান্তে পাশের একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর রাত ৮ টার দিকে তার লাশ উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে শিশু মাহিনকে নিয়ে তার মা একই গ্রামের বাবার বাড়িতে বেড়াতে যান। বিকেলে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করে স্বজনরা মাহিনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে, ওই দিন সন্ধ্যায় পূর্ণিমা বাড়ির সামনে পুকুর পাড়ে পেয়ারা গাছে ওঠে পেয়ারা পাড়তে যায়। কিন্তু অসাবধানতাবশত মেয়েটি গাছ থেকে পড়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে শব্দ পেয়ে বাড়ির লোকজন পানি থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর