ছিটকে গেলেন স্টেইন-শাহজাদ

আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা দলটা বিশ্বকাপে এখন সবচেয়ে বিপর্যস্ত দল। টানা তিন ম্যাচ হারের সাথে সাথে দলটা বিশ্বকাপের আসরে সবচেয়ে ইনজুরিগ্রস্ত দলও বটে। ইনজুরি নিয়ে ১০ দিনের জন্য মাঠের বাইরে আছেন লুঙ্গি এনগিদি। এর চেয়েও বড় দুঃসংবাদ হলো, ইনজুরির জন্য এবারের বিশ্বকাপেই মাঠে নামা হচ্ছে না ডেল স্টেইনের।

ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলেননি। তবে, গেল শুক্রবার নেটে বোলিং করেছেন ডেল স্টেইন। ভারতের বিপক্ষে ম্যাচে তাকে খেলানোরও কথা ছিল। তবে, সেটা আর হয়নি। কাঁধের চোট সারিয়ে তাকে সুস্থ করে তোলার সকল প্রচেষ্টা ভেস্তে গেছে। এর অর্থ হলো বিশ্বকাপের আসরে আর কখনোই দেখা যাবে না এই পেস দানবকে।

এরই মধ্যে স্টেইনের বদলিও নিয়ে ফেলেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তিনি হলেন বিউরান হেনড্রিক্স। আইসিসির টেকনিক্যাল কমিটির কাছ থেকে তারা ছাড়পত্রও পেয়ে গেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আগামী ১০ জুন, সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিসের দলটি সাউদাম্পটনে অনুষ্ঠিতব্য এই ম্যাচটা জিততে না পারলে বিশ্বকাপের শেষ চারে যাওয়াটা তাদের প্রচণ্ড ঝুঁকির মুখে পড়বে।

দুঃসংবাদ আছে আফগানিস্তান শিবিরেও। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির উইকেটরক্ষক ও ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। মারকুটে এই ব্যাটসম্যান যদিও প্রথম দুই ম্যাচে বলার মতো কিছু করতেই পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করতে নেমে করেন মাত্র সাত রান। যদি, হাঁটুর চোটের কারণে বাকিটা সময় আর তার খেলা হচ্ছে না।

তার বদলি হিসেবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের পরিপ্রেক্ষিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) দলে ডেকেছে ইকরাম আলী খিলকে। খিল এর আগে দুই ওয়ানডে ও একটি টেস্ট খেলেছেন। গেল মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দেরাদুনে অভিষেক হয় তার।  ২০১৭ সালে আফগানদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের বড় নায়ক ছিলেন তিনি। অপরাজিত সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার তাকে সুযোগ দেওয়া হলো বিশ্বকাপের মঞ্চে।

আফগানিস্তান আজই আবার মাঠে নামছে। টনটনে আজ তাদের প্রতিপক্ষ টানা দুই ম্যাচে জয় পাওয়া নিউজিল্যান্ড দল।