কোপায় নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

 চোট পিছু ছাড়ছেই না ব্রাজিল তারকা নেইমারের। ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে এবার কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন পিএসজি তারকা। ডান পায়ের মেটাটার্সাল হাড়ের চোট বেশ একটা বড় সময় ধরে ভোগাচ্ছিলো নেইমারকে। যার কারণে সদ্যসমাপ্ত ঘরোয়া মৌসুমের একটা বড় অংশ খেলতে পারেননি তিনি। বৃহস্পতিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্যাব্রিয়েল জেসাস ও রিচার্লিসনের গোলে জেতে ব্রাজিল। ম্যাচটিতে আবারো সেই ডান পায়েই চোট পান নেইমার। এবার গোড়ালির ছেঁড়া লিগামেন্ট ঘরের মাঠে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থেকে ছিটকে দিয়েছে পিএসজি তারকাকে। তার এই অনুপস্থিতি দলের আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবাচ্ছে কোচ তিতেকে। নেইমারের সম্ভাব্য বদলি হিসেবে উঠে আসছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, রেনাতো আগুস্তো, ফরোয়ার্ড উইলিয়ান, ডগলাস কস্তার নাম। তবে স্প্যানিশ পত্রিকা এএসের মতে- নেইমারের বদলি হিসেবে তিতের পছন্দের তালিকার শীর্ষে আছেন বেইজিং গুয়ান ফরোয়ার্ড রেনাতো আগুস্তো। 

আগামী ১৪ জুন কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে তিতের দল। এর আগে আগামী সোমবার পোর্তো অ্যালেগ্রেতে হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।