কম্বোডিয়ার নমপেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণকৃত সড়ক পরিদর্শন করেছেন কম্বোডিয়ায় সমবর্তী বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. আব্দুল হাই। মঙ্গলবার (৩১ মে) তিনি শেখ মুজিবুর রহমান সড়কটি পরিদর্শন করেন।
এ সময় নমপেন মিউনিসিপালিটির উপ-গভর্নর নোন ফারাট বাংলাদেশের রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু সড়কস্থলে স্বাগত জানান এবং উদ্বোধনী অনুষ্ঠানের অগ্রগতি সম্পর্কে অবগত করেন। সড়ক সরেজমিনে পরিদর্শনের জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং সড়কটির কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত স্মারক স্থাপিত হবে সে স্থান প্রদর্শন করেন। অল্পসময়ের মধ্যে সড়কে 'শেখ মুজিবুর রহমান সড়ক' নামাঙ্কিত স্মারক ডিজাইন ও প্রস্তুতকরণের প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে নমপেন ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের একটি কারিগরি দল কাজ করছে।
সড়ক পরিদর্শনকালে মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ইকনোমিক মিনিস্টার সৈয়দ রাশেদুল হোসেন, কাউন্সেলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী এবং প্রথম সচিব (শ্রম) ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিনিধিদল ও নমপেন ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কারিগরি প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্মারক ডিজাইন, স্মারক স্থাপনের স্থান নির্বাচন, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
