আইসল্যান্ডের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ০১ জুন ২০২২, ১৭:৫৬

আইসল্যান্ডের রাষ্ট্রপতি গুডনি থরলাসিয়াস জোহানসনের কাছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (অনাবাসিক) এম. আল্লামা সিদ্দীকী পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) প্রেসিডেন্সি ভবন বেসাসতাদিরে এ পরিচয়পত্র পেশ করেন। 

পরিচয়পত্র পেশের পর আইসল্যান্ডের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইসল্যান্ডের রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। 

এ সময় আইসল্যান্ডের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ও উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা করেন।

ইত্তেফাক/এএএম