অমর একুশে গানের রচয়িতা, বরিশালের কৃতি সন্তান আবদুল গাফফার চৌধুরীর প্রয়াণে তার প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নাগরিক পর্ষদ বরিশালের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হবে।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেসন্স-এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
সভাপতিত্ব করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও নাগরিক পর্ষদ বরিশালের আহ্বায়ক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ আয়োজনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিবিসি’র প্রযোজক কাজী জাওয়াদ, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, নাগরিক পর্ষদ বরিশালের যুগ্ম আহ্বায়ক নজমুল হোসেন আকাশ।
জাতির এই সূর্য সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত শোকাতুর অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও নাগরিক পর্ষদ বরিশালের আহ্বায়ক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সদস্য সচিব সৈয়দ দুলাল আহ্বান জানিয়েছেন।
