মেয়েদের ফাইনালে ক্রিকেটার বার্টি!
স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল ফরাসি ওপেনের সেমিফাইনালে রজার ফেদেরারকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারের বারোতম ফাইনালে ফ্রেঞ্চ ওপেন ফাইনাল নিশ্চিত করেছেন। মেয়েদের এককে সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যাশলে বার্টি প্রথমবারের মত কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন। লাল মাটির ফরাসি ওপেনে নাদালের বিপক্ষে মোটে দুইবার জিতেছিলেন ফেদেরার। ক্যারিয়ারের স্বর্ণসময় পার করে আসা সুইস এই তারকা অবশ্য গেল দুইবারের শিরোপা জয়ী নাদালের বিপক্ষে এবারের সাক্ষাতে জিতবেন এমন বাজি নিশ্চয়ই সবচেয়ে আশাবাদী ফেদেরার ভক্তও ধরতেন না! তবে তার সরাসরি সেটে হার কল্পনাতীতই ছিলো। ম্যাচের শুরু থেকেই ফেদেরারকে চাপে রেখে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জয় তুলে নেন নাদাল। এর ফলে ফরাসি ওপেন জয়ের রেকর্ডটাকে ১২-তে উন্নীত করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে স্প্যানিয়ার্ডের সামনে।
এদিকে মেয়েদের ফাইনালে বার্টি গতকাল শুক্রবার আমেরিকান প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভার বিপক্ষে শুরুর সেটে হারলেও পরে দারুণভাবে ফিরে এসে ৭-৬, ৬-৩, ৬-৩ গেমে জয় তুলে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন। অস্ট্রেলীয় খেলোয়াড় বার্টি ক্যারিয়ারের শুরুটা টেনিসে করলেও ২০১৪ সালে ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন। নারীদের বিগ ব্যাশে খেলেছিলেন ব্রিসবেন হিটের হয়েও! আজ শনিবার অবাছাই চেক খেলোয়াড় মারকেতা ভন্দ্রৌসোভার বিপক্ষে লড়বেন তিনি।
