‘তফাজ্জল হোসেন মানিক মিয়া এক ইতিহাসের নাম। ইত্তেফাক প্রকাশ করে তিনি সময়ের দাবি মিটিয়েছেন। মানিক মিয়ার আপসহীন সাহসী লেখনী আর গণমুখী সাংবাদিকতার কারণে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কারণ, বাংলাদেশ প্রতিষ্ঠা, মানিক মিয়া ও ইত্তেফাক এক সূত্রে গাঁথা। তাই এই পত্রিকাটি বাংলাদেশের গর্ব।’ দেশজুড়ে আলোচনায় মানিক মিয়াকে এভাবেই মূল্যায়ন করেন দেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষ।
বুধবার (১ জুন) যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সাংবাদিকতা জগতের পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃতু্যবার্ষিকী| এ উপলক্ষে মিলাদ মাহফিল, তার মাজারে কোরআনখানি, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সকাল থেকেই আজিমপুর কবরস্হানে মরহুমের মাজারে কোরআনখানির আয়োজন করা হয়। এসময় মরহুমের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেইসঙ্গে মরহুমের সন্তানদের পক্ষ থেকে আলাদা আলাদা কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা আলোচনাসভার আয়োজন করে। রাজধানীতে মানিক মিয়া পরিষদও আলোচনা সভার আয়োজন করে। গাজীপুরে মানিক মিয়া স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বরিশালের গৌরনদীতেও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া, ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানি উপজেলায় জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া, মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজিমপুর কবরস্থানে মানিক মিয়ার মাজারে গতকাল সকাল থেকে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ সন্তান ইংরেজি দৈনিক দি নিউ নেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেন, কনিষ্ঠ পুত্র জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুন প্রমুখ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন প্রমুখ।
মরহুমের মাজারে দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ ও ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের, ডেপুটি ইউনিট চিফ অলক বিশ্বাস, দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান পিন্টু, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফ, ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি মো. তাজাম্মেল হক, বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম, প্রশাসন প্রধান মোহাম্মদ মুসা, প্রেস ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ মো. আলমগীর খান, ইত্তেফাকের সাবেক চিফ রিপোর্টার সৈয়দ আখতার ইউসুফ প্রমুখ।
এ ছাড়াও, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ মিলাদ মাহফিলে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। মোনাজাত শেষে দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর আগে, সকাল থেকেই মরহুমের আজিমপুর কবরস্থানের মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মরহুমের সন্তানদের আয়োজন : তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃতু্যবার্ষিকী উপলক্ষ্যে তার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষ থেকে রাজধানীর ১ আর কে মিশন রোডে নিউ নেশন কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের কনিষ্ঠপুত্র আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষ থেকেও কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া, মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর পরিবারবর্গের পক্ষ থেকে এতিমখানায় গতকাল বাদ এশা কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মানিক মিয়া পরিষদের আলোচনাসভা : মানিক মিয়া পরিষদ গতকাল রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে আলোচনাসভার আয়োজন করে।
পরিষদের সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ছিলেন অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া। আরও বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি গাজী মাসুদ আহমেদ, কবি নাহিদ রোকসানা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য লোকমান হোসেন চৌধুরী, মানিক মিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, বরিশাল বিভাগ সমিতির সহ-সভাপতি আব্দুল আলীম খান, জাসদ নেতা হুমায়ূন কবীর, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ উন্নয়ন কমিটির সভাপতি সৈয়দ মোকলেসুর রহমান, নাগরিক ফোরামের সভাপতি শহীদুল নবী প্রমুখ।
বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া যেমন বাংলা সাংবাদিকতা জগতে পথ প্রদর্শক, তেমনই রাজনীতিতেও। মানিক মিয়া ইত্তেফাককে অবলম্বন করে জাতির প্রতিটি ক্রান্তিকালে মানুষের মুক্তির পক্ষে সবসময় সরাসরি অবস্থান নিয়েছেন। শুরু থেকে ইত্তেফাক যে নীতি আদর্শে পরিচালিত হয়েছে আজও সে লক্ষ্য থেকে বিচু্যত হয়নি। মানিক মিয়া পরিচালিত পথে ইত্তেফাক আজীবন তার প্রকাশনাকে অব্যাহত রেখে যাবে বলে তাদের বিশ্বাস।
ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে গতকাল আজিমপুর কবরস্থানে তার মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে ছিলেন জ্যেষ্ঠপুত্র ব্যারিস্টার মইনুল হোসেন ও কনিষ্ঠ পুত্র ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
