কটিয়াদীতে ভুট্টার ভালো ফলনে লাভবান কৃষক

আপডেট : ০২ জুন ২০২২, ১৩:৫৫

কটিয়াদীতে চলতি রবি মৌসুমে ভুট্টার রেকর্ড পরিমাণ চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। বাজারে চড়া দাম পাওয়ায় হাসি ফুটেছে ভুট্টাচাষিদের মুখে।

কৃষকরা জানান, কম পরিশ্রম, কম খরচ ও অল্প বিনিয়োগে ভুট্টা চাষে লাভ হচ্ছে কয়েক গুণ। ফলে ধারাবাহিকভাবে কৃষকদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।  
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে দ্বিগুণ।  

উপজেলার বাগরাইট গ্রামের কৃষক আ. মান্নান বলেন, তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। চাষ করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। চাষ করতে যা খরচ হয়েছে তা জ্বালানি হিসেবে ব্যবহৃত ভুট্টার মোচা ও গাছ থেকে উঠে আসবে। ফলন পেয়েছি ৯৫ মণ। আর উৎপাদিত ভুট্টা ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি করেছি। যার সবটাই লাভ।  

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, এবার উপজেলায় ভুট্টার বাম্পার ফলন ও আশানুরূপ দাম পাওয়ায় কৃষকরা খুশি। প্রচলিত পদ্ধতিতে ভুট্টা মাড়াই করা অত্যন্ত কঠিন কাজ। কৃষি বিভাগ ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করায় কৃষকদের সুবিধা হবে। কৃষকেরা বেশি আগ্রহী হচ্ছে ভুট্টা চাষে। 

ইত্তেফাক/এআই