জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন :নজরুল

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:৩৪

আসন্ন নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, যুদ্ধাপরাধীদের ধানের শীষ দেওয়া হবে না, এটা আপনাদের আশ্বস্ত করতে পারি। তা ছাড়া জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম এ কথা বলেন।

বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, মনোনয়ন জমা দিতে আমাদের নেতাকর্মীদের পদে পদে বাধা দেওয়া হয়। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে। সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তিনি বলেন, ২০১৪ সালের মতো আরও একটি প্রহসনের নির্বাচন করতে সরকার গ্রেফতার বাণিজ্য অব্যাহত রেখেছে। তিন মাস আগে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার হয়ে কারান্তরীণ তেজগাঁও থানা ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল তামিম গাজীপুর জেলে গত বুধবার মৃত্যুবরণ করেছে। সরকারের নির্যাতন এবং কারা কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।