নেত্রকোনার হরিজন পল্লির দুই কন্যা আঁধার ঘরের আলো

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:১১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হরিজন পল্লির দুই আঁধার ঘরের আলো প্রিয়া বাশফোর আর পায়েল বাশফোর। নিতান্ত গরিব ঘরের সন্তান তারা। তারা এবার প্রথমবারের মতো এই পল্লি থেকে এসএসসি পাস করে তাক লাগিয়ে দিয়েছে নেত্রকোনার শিক্ষাঙ্গনে। তারা দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে ছিনিয়ে এনেছে সাফল্য। তারা আরো পড়তে চায়।

প্রিয়া বাশফোর ও পায়েল বাশফোর একে অপরের আপন মামাতো ফুফাতো বোন। তাদের ঘরও পাশাপাশি। দুজনই একই স্কুলে পড়ে একসঙ্গেই বেড়ে উঠেছে। তারা নেত্রকোনা শহরের চকপাড়া এলাকায় হরিজন পল্লিতে বসবাস করে। তারা দুজন বাল্যবিবাহের শিকার হয়েছিল। কিন্তু লেখাপড়ার অদম্য ইচ্ছার কাছে তাদের পরিবার হার মেনেছে। ঠেকিয়েছে নিজেদের বাল্যবিবাহ।

তবে তাদের স্কুলে যাওয়া আসা, পড়াশোনা সুখকর ছিল না। বাবা-মার পেশার কারণে অনেক শিক্ষার্থীই তাদের সঙ্গে মিশতে চাইতো না। আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা উদীচীর নৃত্য বিভাগের প্রশিক্ষক তমা রায়ের অনুপ্রেরণায় মেয়ে দুটি স্বপ্ন দেখতে শুরু করে। এবার এসএসসিতে ওই স্কুলের বাণিজ্য শাখা থেকে প্রিয়া ও পায়েল উভয়েই জিপিএ-৩.৬১ অর্জন করে। খোঁজ নিয়ে জানা গেছে, হরিজন সম্প্র্রদায়ের কলোনীতে বসবাসকারী ৩৫টি ঘরের তিন শতাধিক লোকের মধ্যে প্রিয়া ও পায়েলই প্রথম এসএসসি পাস করা মেয়ে।

প্রিয়া বাশফোর বলে, সে লেখাপড়া করে পুলিশের বড় কর্মকর্তা হয়ে হরিজনদের দুঃখ ঘোচাবে। আর পায়েল বাশফোর বলে, সে তমা ম্যাডামের মতো একজন ভালো শিক্ষক হয়ে তাদের সম্প্র্রদায়ে মধ্যে শিক্ষার আলো বিলাবে।