৪ বোন নিখোঁজের ৭ দিনপর উদ্ধার করলো পিবিআই 

আপডেট : ০৩ জুন ২০২২, ১৪:৪৪

কুমিল্লায় বাবা-মায়ের ঝগড়া দেখে অভিমান করে চার বোন বাড়ি থেকে বের হয়ে ৭ দিন ধরে নিখোঁজ থাকার পর তাদের উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে গত ২৬ মে জেলার নাঙ্গলকোট উপজেলায়। 

বৃহস্পতিবার (২ জুন) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে। শুক্রবার (৩ জুন) ওই চার বোনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পিবিআই পরিদর্শক তৌহিদুল ইসলাম। 

উদ্ধার হওয়া ৪ বোন হচ্ছে- তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) ও মাইশা সুলতানা (৬)। এদের মধ্যে তাসনিম উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষ, মারজাহান একই মাদ্রাসার দাখিল দশম শ্রেণি ও তাজিন সুলতানা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সবার ছোট মাইশা নারুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ে। 

সংবাদ সম্মেলনে ওই ৪ বোনের বরাত দিয়ে পিবিআই পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের আরও জানান, তাদের বাবা (মজিবুল হক) রাগী স্বভাবের মানুষ। তিনি তাদের মায়ের সঙ্গে প্রায়সময় ঝগড়া-বিবাদে লিপ্ত থাকেন। গত ২৫ মে সকালে তাদের বাবা-মা ঝগড়া করে এবং একপর্যায়ে রাগান্বিত হয়ে তাদেকে (৪ বোন) ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। এদিন বিকেলে তাদের নানু এসে তাদের নানার বাড়িতে নিয়ে যায়। এতেও তাদের রাগ না ভাঙলে তারা পরদিন মাদ্রাসায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে নাঙ্গলকোটের ফতেহপুর এলাকায় চলে যায়। সেখান থেকে তারা একটি বাসে উঠে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকায় চলে আসে। সেখানে একটি অটোরিকশা চালকের মাধ্যমে স্থানীয় হালিমা বেগমের (৫০) বসত বাড়িতে এক কক্ষের একটি বাসা ভাড়া নেয়। 

ওই কর্মকর্তা আরও জানান, গত ২৬ মে তারা (৪ বোন) তাদের নানা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। তাদের বাবা-মা ও স্বজনরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি। এতে তাদের বাবা ২৭ মে নাঙ্গলকোট থানায় মেয়েদের নিখোঁজের বিষয়ে জিডি করেন। খবর পেয়ে আমরা (পিবিআই) তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ চার বোনকে উদ্ধারে অভিযান শুরু করি এবং বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার হালিমা বেগমের বসত বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তবে হালিমা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্রিকার সঙ্গে যুক্ত না হওয়াতে তাদের নিখোঁজের বিষয়টি জানতেন না। শুক্রবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিবিআই পরিদর্শক মনজুর আলম, হিলাল উদ্দিন, মোবারক হোসেন ও  বিপুল চন্দ্র দেবনাথ। এসময় উদ্ধার চার বোন ও তাদের বাবা-মা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম