চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিসিপি) কিয়াংসু প্রদেশের সাবেক প্রধান ঝ্যাং জিংহুয়াকে বরখাস্ত করা হয়েছে। অর্থনৈতিক তথ্য জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ৩১ মে চীনার সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ঝ্যাং জিংহুয়াকে বরখাস্ত করার বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। চীনা ইতিহাসে ক্ষমতাসীন দলের কোনো শীর্ষ পর্যায়ের নেতাকে এভাবে বরখাস্ত করার ঘটনা বেশ বিরল।
এর আগে গত সপ্তাহে, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে যে- হেবেই, হেনান এবং গুইঝো প্রদেশের নিম্ন-স্তরের কর্মকর্তাদের স্থায়ী-সম্পদ বিনিয়োগ, খুচরা বিক্রয় এবং অন্যান্য ক্ষেত্রে তথ্য জালিয়াতির জন্য শাস্তি দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের কর্তৃক তথ্য জালিয়াতির বিষয়টি নিয়ে ভু গছে চীনা সরকার। যা গত কয়েকবছরে সামনে এসেছে।
দ্য স্ট্রেইটস টাইমস জানায়, চীনজুড়ে পরিসংখ্যান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসংখ্যা এবং অন্যান্য অনেক সূচকের তথ্য জালিয়াতির জন্য সমালোচিত। গত কয়েক বছরে, লিয়াওনিং, জিলিন, তিয়ানজিন এবং অভ্যন্তরীণ মঙ্গোলিয়া সহ প্রদেশগুলো অর্থনৈতিক পরিসংখ্যান স্ফীতি বা হেরফের করার পরে তথ্য সংশোধন করতে বাধ্য হয়েছিল।
