৬ দফা ঘোষণার মধ্যদিয়ে স্বাধীনতার সূর্যোদয় হয়েছিল :তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:১২

চট্টগ্রাম অফিস

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৬ দফা ঘোষণার মধ্যদিয়ে চট্টগ্রাম থেকে স্বাধীনতার সূর্যোদয় হয়েছিল। এই ৬ দফাকে এক দফায় পরিণত করেছিলেন আমাদের প্রিয় নেতা এম এ আজিজ। এই ধারাবাহিকতা রক্ষা করেছেন আমাদের মুক্তিপাগল বাঙালি। তিনি গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ৬ দফার মধ্যেই বাঙালি জাতির মুক্তি নিহিত ছিল। বাঙালির অস্তিত্ব রক্ষার ৬ দফা একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছিল। এর ভিত্তিতেই ধাপে ধাপে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ৭০ এর নির্বাচনে ৬ দফার পক্ষে জনগণ মেন্ডেড দিয়েছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠী সেদিন এই গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাঙালি নিধনে একটি গণহত্যার পরিকল্পনা করে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।