রাজবাড়ীর পাংশা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড এই ঘটনা ঘটে।
নিহতের নাম অমিত কুমার ভোলা (৩৫)। সে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ী থেকে আসা অমিত কুমার পাংশা সুগন্ধা ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত হোসেন জানান, অমিত কুমার ভোলা চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
