রাজশাহীর ৬টি আসনে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুই সাবেক এমপি ও দলের প্রবীণ নেতা। এরা হলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মেরাজ উদ্দিন মোল্লা ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক।
মেরাজ উদ্দিন মোল্লা দলটির সাবেক ভারপ্রাপ্ত জেলা সভাপতি। বর্তমানে তিনি জেলা উপদেষ্টা কমিটির সদস্য। তিনি ২০০৮ সালে রাজশাহী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন। ওই নির্বাচনে দলীয় মনোনয়নে এমপি হন আয়েন উদ্দিন। এবারো দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। এ ছাড়া, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তিনি ১৯৯১ সালে রাজশাহী-৫ আসনে দলীয় মনোনয়নে এমপি হয়েছিলেন। এছাড়াও ১৯৯৬ সালের নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হলেও দল ক্ষমতায় আসলে তাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান করা হয়। ২০০১ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পান। তবে ২০০৮ ও ২০১৪ টানা দু’বার মনোনয়ন বঞ্চিত হয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান। এ আসনে এবার প্রথম বারের মতো মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং জেলা স্বাচিপ নেতা ডা. মুনসুর রহমান। দু’বারের এমপি, আওয়ামী পরিবারের সন্তান কাজী আব্দুল ওয়াদুদ দারা এবার মনোনয়ন বঞ্চিত হন।
