সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা শেখ মো. গয়াছউদ্দিন (৬২) নিহত হয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
গয়াছউদ্দিন উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। তিনি বরুণী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর পুত্র।
জানা গেছে, বরুণী গ্রামের ঈদগাহের উন্নয়ন কাজসহ গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বরুণী গ্রামের মৃত জমির আলী ওরফে জমরুশের পুত্র মাসুক মিয়া গংদের সঙ্গে শেখ মো. গয়াছউদ্দিনের বিরোধ চলে আসছিল। আর ওই পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে স্থানীয় পীরেরবাজার থেকে বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত হন শেখ মো. গয়াছউদ্দিন। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, এ ঘটনায় শেখ মো. গয়াছউদ্দিনের ছেলে মাজেদ আহমদ (২২) বাদী হয়ে প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‘মাছের দাম বেশি হওয়ায় মুরগি কিনে নিয়ে যাচ্ছি’