দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভাসানচরে আটকা চীনা রাষ্ট্রদূত ‌‌

আপডেট : ০৩ জুন ২০২২, ১৯:২০

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকা পড়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। 

শুক্রবার দুপুরে রাষ্ট্রদূতকে বহনকারী নৌবাহিনীর জাহাজটি ভাসানচর‌ থেকে রওনা হওয়ার এক ঘণ্টা পর বৈরী আবহাওয়ার কারণে পুনরায় ভাসানচরে ফেরত আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. মাহমুদুল হক।     

নৌবাহিনীর জাহাজে দুই দিনের সফরে ভাসানচর আসেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং শুক্রবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে বৈরী আবহাওয়ার কারণে পুনরায় ভাসানচরে ফেরত আসেন। রাতে ভাসানচরে অবস্থান করবেন বলে জানা গেছে।   

উল্লেখ্য, রাষ্ট্রদূত দুইদিনের সফরে ভাসানচরে এসে রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং রোহিঙ্গাদের একটি ফুটবল খেলায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ইত্তেফাক/এএএম