চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা সদরে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুন) রাত ৮ টার পর আবু প্রকাশ প্রিন্সের (২৯) গলায় রশি লাগানো অবস্থায় অর্ধগলিত লাশ পৌরসভা সদরে একটি ভবন থেকে উদ্ধার করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ছাদে গেলে সবাই প্রচুর দুর্গন্ধ পান এবং ঐ বন্ধ রুম থেকেই দুর্গন্ধ বের হচ্ছে বলেই নিশ্চিত হন সবাই। পরে থানায় ফোন করলে পুলিশ এসে জানালা ভেঙ্গে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এসময় নিহতের বাবা সুনিল দাশ ও ভাই সান্তুনা দাশ জনি উপস্থিত ছিলেন।
প্রিন্স দাশের ভাই সান্তুনা দাশ জনি জানান, তার সঙ্গে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কথা হয়, এর পর থেকে প্রিন্সের মোবাইল বন্ধ পাওয়া যায়। তারা বুড়িশ্চর ইউনিয়নের বাসিন্দা। হাটহাজারী সদরের পাশে নন্দিরহাট এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন তারা। তিনি ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
