দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো অনুষ্ঠানে ২০২১ সালে বিভিন্ন ডিসিপ্লিনের বর্ষসেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বর্ষসেরা খেলোয়াড় তালিকায় মনোনয়ন পেয়েছিলেন ক্রিকেটার মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী। তপু-দিয়াকে টপকে বর্ষসেরার পুরস্কার জেতেন তরুণ অলরাউন্ডার মিরাজ। তার হাতে পুরস্কার তুলে দেন দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। তবে পাঠকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন।
এ বিভাগে মিরাজ, নারী ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তাকে টপকে পুরস্কার পান তপু। অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে ২০২০ সালে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।
এ ছাড়া যারা পুরস্কার পেয়েছেন; উদীয়মান ক্রীড়াবিদ: রিতু আক্তার (অ্যাথলেটিকস), আলী কাদের হক (জিমন্যাস্টিকস), শরিফুল ইসলাম (ক্রিকেটার), বর্ষসেরা নারী ক্রিকেটার: শারমিন আক্তার সুপ্তা, বর্ষসেরা ফুটবলার: তপু বর্মন, বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা বডিবিল্ডার: মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা সাইক্লিস্ট: ফয়সাল হোসেন, বর্ষসেরা হকি খেলোয়াড়: সোহনুর রহমান সবুজ, বর্ষসেরা আর্চার: দিয়া সিদ্দিকী, বর্ষসেরা কোচ: অস্কার ব্রুজন, সেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা, সেরা সংগঠন: দাবা ফেডারেশন, তৃণমূলের সংগঠক: আকবর আলী (কোচ), আমীর বাবু (কোচ, মাদারীপুর), বিশেষ সম্মাননা: আবদুল গাফফার, বর্ষসেরা স্পন্সর: আমরা নেটওয়ার্ক লিমিটেড।
গতকাল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হিজি এ এ আলি ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।
