দুবাইয়ে বাস দুর্ঘটনায় আট ভারতীয়সহ নিহত ১৭

আপডেট : ০৮ জুন ২০১৯, ০০:২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট ভারতীয়সহ ১৭ জন নিহত ও আরো ৯ জন গুরুতর আহত হয়েছে। খবর গালফ নিউজের

পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে আল রাশিদিয়া মেট্রো স্টেশনের কাছে মোহাম্মদ বিন জায়েদ সড়কে বিভিন্ন দেশের ৩১ যাত্রীকে বহন করা ওমানি নম্বরপ্লেটের ওই ট্যুরিস্ট বাসটি রাস্তার পাশের একটি সাইনবোর্ডে আছড়ে পড়ে। মেট্রো স্টেশনের দিকে যেতে বাস চলাচলে নিষেধাজ্ঞা আছে এমন একটি রাস্তায় চালক ভুল করে ঢুকে পড়ার পর বাসটি দুর্ঘটনায় পড়ে। দ্রুতগতিতে চলা ওই ট্যুরিস্ট বাসটি রাস্তার পাশের উঁচু প্রাচীরে ধাক্কা খাওয়ার পর এর সামনের জানালা ও বামপাশ দুমড়ে মুচড়ে যায়। দুবাই পুলিশের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আবদুল্লাহ খলিফা আল মেরি ও অ্যাটর্নি জেনারেল ইসাম ইসা আল হুমাইদান অন্যান্য কর্মকর্তা নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মধ্যে আট ভারতীয়র পরিচয় জানা গেছে। আহতদের কাছাকাছি রশিদ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।