তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থার প্রতিবেদন ৬ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এ দিকে, মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন গতকাল তা গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ৩ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।
