গত কয়েক দিনে খার্তুমে নিহত ৬১
বিবিসি
সুদানে নিরাপত্তা বাহিনীর হাতে গত কয়েক দিনে ৬১ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আফ্রিকান ইউনিয়ন সুদানের সদস্যপদ সাসপেন্ড করেছে।
আফ্রিকান ইউনিয়ন বলছে, বেসামরিক নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন না করা পর্যন্ত সুদানকে ইউনিয়ন থেকে সাসপেন্ড করা হয়েছে এবং এটাই এ সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। রাজধানী খার্তুমে কয়েক দিন ধরে চলা বিক্ষোভে ৬১ জন নিহত হয়েছে বলে সরকার বলছে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংশ্লিষ্ট চিকিত্সকরা বলছেন, নিহতের সংখ্যা শতাধিক। গত কয়েক দিনে সুদানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ব্যাপক হতাহতের খবর আসতে থাকলেও কর্তৃপক্ষ তেমন কিছু বলেনি। বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে নিহতের সংখ্যা শতাধিক এবং খার্তুম শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নীল নদ থেকে বহু মৃতদেহ তোলা হচ্ছে।
