ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকসেবাসমূহ সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে এবং জনদুর্ভোগ কমাতে ‘কমান্ড সেন্টার’ আধুনিকায়নের ঘোষণা দিয়েছে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (৪ জুন) গুলশান-২ নগরভবনের ৬ তলায় আয়োজিত সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, ‘কমান্ড সেন্টার থেকে কেন্দ্রীয়ভাবে জলাবদ্ধতার স্পট ট্র্যাকিংসহ, ময়লার গাড়ি, মশক কর্মীদের মুভমেন্ট ট্র্যাকিং, সবার ঢাকা অ্যাপ মনিটরিং, রেভেনিউ মনিটরিং, খাল, ফুটপাত, ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি, এসটিএস, স্মার্ট স্ট্রিট লাইটসহ বিভিন্ন সেন্সর মনিটরিং করা হবে।’
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ইন্টিগ্রেটেড করিডর ম্যানেজমেন্টের আওতায় মিরপুর-১২ থেকে ফার্মগেট হয়ে বাংলামোটর পর্যন্ত যে এমআরটি-৬ লাইনটি হচ্ছে তাকে কেন্দ্র করে শহরে যে পরিবর্তন আসবে সেটার সঙ্গে খাপ খাইয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কীভাবে সাধারণ মানুষের কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম মাইগ্রেশন কাউন্সিল ও বিশ্বব্যাংকের আমন্ত্রণে গত ১৫ থেকে ২৬ মে যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি এম সিসি লিডারশিপ বোর্ড মিটিং ডিজেস্টার ডিসপ্লেসমেন্ট, জেনারেল এসেম্বলি মিটিংয়ে অংশ নেন। সফরকালে তিনি নিউইয়র্ক শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, স্ট্রিট পার্কিং, বাস টার্মিনাল, পাইকারি বাজারের সরবরাহ পদ্ধতি বিষয়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ ছাড়া মেয়র ওয়াশিংটন শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, আরবান প্ল্যানিং, রাজস্ব আদায়, ক্রয় কাজের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক প্রস্তাবিত করিডোর ম্যানেজমেন্ট প্রকল্পের সার্বিক অগ্রগতি তরান্বিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। ডিএনসিসির কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করার জন্য তিনি বিশ্বব্যাংকের প্রতিনিধিদের অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তারা।
