জাবি উপাচার্যের সঙ্গে মাধ্যমিক সচিবের মতবিনিময়

আপডেট : ০৪ জুন ২০২২, ২০:২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্থাপনা সম্পর্কিত বিষয়ে মতবিনিময় করেন। শনিবার (৪ জুন) দুপুর ৩টায় উপাচার্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের স্থাপনাসমূহের সার্বিক বিষয়াদি জানতে আগ্রহ ব্যক্ত করেন। এসময় প্রকল্প পরিচালক সচিবকে বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

মতবিনিময় সভায় মো. আবু বকর ছিদ্দীক বলেন, বাংলাদেশ সরকার সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চান। এ জন্য অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সরকার আশা করেন যে, শিক্ষা, গবেষণা, সৌন্দর্য্য ও নান্দনিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে খ্যাতি লাভ করবে। এছাড়া তিনি উন্নয়ন প্রকল্পের স্থাপনাসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপাচার্য তার বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় আসার জন্য সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ডিনস্ কমিটির সভাপতি এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান, চলমান উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আমজাদ হোসেন, যুগ্মসচিব সরোজ কুমার নাথ, উপ-সচিব এস এম ইমরুল হাসান, সচিবের একান্ত সচিব শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি