চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আশপাশের এলাকার বাড়িঘর ও মসজিদ-মাদরাসার জানালার কাঁচ ভেঙে পড়ে। এ সময় শিশুরা ভয়ে কেঁদে ওঠে। স্থানীয় বাসিন্দারা এমনটিই জানিয়েছেন।
বিস্ফোরণের বিকট শব্দ চার কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয় বাসিন্দারা ঘটনার ভয়াবহতার এমনই বিবরণ দিয়েছেন।
এর আগে শনিবার (৪ জুন) দিবাগত রাত ১১ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এমনকি বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। রাতে আকস্মিক এই ঘটনায় অনেকে ভাবেন হয়ত ভূমিকম্প হচ্ছে। এ সময় আশপাশের মসজিদের মাইকে দুর্ঘটনাকবলিত এলাকায় না যাওয়ার জন্য বারবার ঘোষণা দেওয়া হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে আহত হন।

কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি: ডিপোর পরিচালক