তাড়াইলে চুরির অপবাদ দিয়ে মানসিক প্রতিবন্ধী এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে।
এজাহার সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার শামুকজানি দক্ষিণপাড়া গ্রামের কেন্তু মিয়ার পুত্র মোশাররফ হোসেন (১৯) একজন মানসিক প্রতিবন্ধী। তাকে প্রায়ই শিকল দিয়ে বেঁধে রাখা হতো। ঈদের জন্য তার পায়ের শিকলের বাঁধন খুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে সবার অজান্তে সে বাড়ি থেকে বের হয়ে যায়। ৯টার সময় বাড়ির লোকজন জানতে পারে যে, দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা এম আর খান সাহানের বাসায় মোশাররফকে আটকে রেখে বেদম মারপিট করা হচ্ছে। পরে বাড়ির লোকজন দ্রুত এম আর খান সাহানের বাড়িতে গিয়ে দেখতে পায় যে, তাকে পিছমোড়া করে ও পা রশি দিয়ে বেঁধে তার পায়ের পাতাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। এ সময় মোশাররফের বাড়ির লোকজনদের জানানো হয় যে, চুরির উদ্দেশে সে বাড়ির ছাদে উঠেছিল। পরে মামলা না করার শর্তে একটি সাদা কাগজে সই রেখে মোশাররফকে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মোশাররফের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে ঐ বাড়ির কেয়ারটেকার সাজ্জাদ হোসেন হিটলার, আলম ও বাড়ির মালিক এম আর খানসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা করেছেন। পুলিশ আসামি সাজ্জাদ হোসেন হিটলারকে গ্রেফতার করে গতকাল শুক্রবার কোর্টে চালান দিয়েছে। তাড়াইল থানার ওসি মো. মজিবুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রয়োজনে হিটলারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
