বগুড়ায় আন্দোলন থেকে সরে দাঁড়ালেন বিএনপির আহ্বায়ক বিরোধীরা

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:৪০

বগুড়ায় বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে চালিয়ে আসা আন্দোলন থেকে অবশেষে সরে দাঁড়ালেন দলের বিদ্রোহী নেতারা। তিন সপ্তাহ ধরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে লাগানো তালা বৃহস্পতিবার দুপুরে তারা খুলে দিয়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা পেয়েই তালা খুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন যুবদলের বিলুপ্ত জেলা কমিটির সভাপতি সিপার আল বখতিয়ার। তার মাধ্যমেই বিদ্রোহীরা সমঝোতায় রাজি হয়ে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।  দলের একাধিক সূত্র জানায়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আহবায়ক কমিটি বাতিলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসা নেতাদেরকে আগামী ২৪ জুন অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজের প্রচারণায় সক্রিয় হতে বলা হয়েছে। ভেদাভেদ ভুলে যদি তারা সক্রিয় হন তাহলেই কেবল তাদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।