যে পাঁচ উপায়ে পৃথিবী বদলে দিয়েছে ইউক্রেন যুদ্ধ

আপডেট : ০৫ জুন ২০২২, ১৫:৩৩

রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর ১০০ দিন পার হলো। অন্য রাষ্ট্রের সীমানায় ঢুকে এমন আক্রমণ গেল ৮০ বছরে ইউরোপে আর হয়নি। এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সেটি কেমন? চলুন দেখে নিই।

অসংখ্য শরণার্থী

রাশিয়ার আক্রমণের পর প্রায় ৬৮ লাখ ইউক্রেনিয়ান দেশ ছেড়েছেন। জাতিসংঘের হিসেবে, এদের প্রায় ৩০ লাখ প্রতিবেশী দেশগুলো ছাড়িয়ে অন্যান্য দেশেও আশ্রয় নিয়েছেন। জার্মানিতে সাত লাখেরও বেশি ইউক্রেনিয়ান আশ্রয় নিয়েছেন। আরও ৭৭ লাখ দেশের ভেতরেই ঘরছাড়া হয়েছেন।

খাদ্য সংকট

বিশ্বের অর্ধেক সানফ্লাওয়ার ভোজ্য তেল উৎপাদন করে ইউক্রেন। এছাড়া দেশটি ১৫ শতাংশ ভুট্টা ও ১০ শতাংশ গম রপ্তানি করে। যুদ্ধের কারণে এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। এ কারণে এসব পণ্য উৎপাদনকারী অন্য দেশগুলোও অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য রপ্তানি বন্ধ করেছে। গেল মে মাস পর্যন্ত ২৩টি দেশ এসব পণ্য রপ্তানি বন্ধ করেছে।

বিশ্বের ১৫ শতাংশ ভুট্টা ও ১০ শতাংশ গম রপ্তানি করে ইউক্রেন

জ্বালানি সংকট

রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি গ্যাস রপ্তানিকারক দেশ। তারা দ্বিতীয় সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল ও তৃতীয় সর্বোচ্চ কয়লা রপ্তানিকারক। ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে বা বন্ধ করতে একযোগে কাজ করছে ইউরোপের দেশগুলো৷ রাশিয়াও একাধিক ইউরোপীয় দেশে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে।

দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি

একটি সুপার শপের দৃশ্য

খাদ্যপণ্য ও জ্বালানি সংকটের মুখে দাম বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের৷ বেড়েছে মার্কিন ডলারের দাম। ইউরোজোনে গত মাসে মুদ্রাস্ফীতি হয়েছে ৮ দশমিক ১ শতাংশ। সারা বিশ্বেই মানুষের ক্রয়ক্ষমতা কমছে।

ন্যাটোর পুনর্জন্ম

রাশিয়ার আক্রমণ এককাট্টা করেছে ন্যাটোর সদস্যদেশগুলোকে। শুধু তাই নয়, রাশিয়ার কারণে নিরাপত্তা হুমকিতে ভোগা অনেক রাষ্ট্র এখন ৩০ সদস্যদেশের এই জোটে যুক্ত হবার ব্যাপারে ভাবছে। ফিনল্যান্ড ও সুইডেন এরই মধ্যে তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে।

ইত্তেফাক/টিআর