কয়রায় লবণাক্ত জমিতে বাদাম চাষ

আপডেট : ০৫ জুন ২০২২, ১৬:১৬

খুলনার কয়রা উপজেলায় লবণাক্ত জমিতে বাদাম চাষ করা হচ্ছে। কম খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকরা দিন দিন বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন। 

জানা গেছে, সরেজমিন গবেষণা বিভাগ পরীক্ষামূলকভাবে ২০১৬ সালে প্রথম কয়রায় বাদাম চাষ শুরু করেন। ঐ বছর বাদাম চাষ করে ভালো ফলন পাওয়া যায়। চলতি বছরের শুরুতেই উপজেলার উত্তর বেদকাশি ও ঝিলিয়াঘাটায় দুই জন কৃষক চার বিঘা জমিতে বাদাম চাষ করেন। তারা বিঘাপ্রতি ভালো ফলন পান। এতে উপজেলার অনেক কৃষক বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন। 

উত্তর বেদকাশি ইউনিয়নের উত্তর বেদকাশি গ্রামের বাদামচাষি মফিজুল ইসলাম মুন্না বলেন, তার আমন ধান কাটা শেষে পরিত্যক্ত ৬০ শতক জমিতে বাদাম চাষ করে ভালো ফলন পেয়েছেন।  

ঝিলিয়াঘাটার কৃষক পল্লি চিকিৎসক কামরুজ্জামান বলেন, বাদাম চাষ করে লাভের মুখ দেখেছি। 

সরেজমিন গবেষণার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান বলেন, আমরা এ বছর কৃষকদের মধ্যে বারী চিনাবাদাম ৯ চাষে সহযোগিতা করেছি। এতে তারা খুবই ভালো ফলন পেয়েছেন।  

সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর-রশিদ বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ১০টি বাদামের জাত আবিষ্কার করেছে। 

ইত্তেফাক/এআই