চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৪ শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে ৪০-৫০ জনের অবস্থা গুরুতর।
দগ্ধ ও আহতদের চিকিৎসা সেবা কার্যক্রম তদারকি করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি আহতদের উপযুক্ত চিকিৎসা, পরিচর্যা ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। তিনি ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, কাউন্সিলরদের সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম তদারকি, সহায়তা ও সরাসরি সেবা কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশ দেন।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রচুর রক্ত, ওষুধের প্রয়োজন। মানবতার সেবায় যার যার সামর্থ্য অনুসারে এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ও অন্যরা উপস্থিত ছিলেন।
