সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে জাতীয় দৈনিকে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে ও মনোনয়ন নিশ্চিত করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, আমরা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সকলে ঐক্যবদ্ধ হয়ে ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে নির্বাচন করব। যদি তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়া হয়, তাহলে আমরা সকল নেতা-কর্মী গণহারে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করব।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে ড. মহীউদ্দীন খান আলমগীরকে মনোনয়ন দিয়েছে। কিন্তু পাশাপাশি জোর পূর্বক ভূমি দখলকারী হত্যা মামলার আসামি, বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট গোলাম হোসেনকেও দলীয় মনোনয়নপত্র দেয়া হয়েছে। তিনি বলেন, গোলাম হোসেন আওয়ামী লীগের কোন সদস্য নয়। তিনি ড. মহীউদ্দীন খান আলমগীরের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গত বুধবার দুটি জাতীয় দৈনিকে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা এ ধরনের মিথ্যা সংবাদের প্রতিবাদ করছি। কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশির বলেন, গোলাম হোসেন উপজেলার গ্রামগুলোর সঙ্গেও পরিচিত নন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শোহরাব হোসেন পাটওয়ারী, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
