লাওসের বিরুদ্ধে জিতল বাংলাদেশের ফুটবলাররা

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:৪৮

সোহেল সারোয়ার চঞ্চল

ঈদের আগে শুরুটা করেছিল ক্রিকেটাররা। বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মানুষদের ঈদ উপহার দিয়েছিলেন মাশরাফিরা। এবার ঈদ উপহার দিলেন ফুটবলাররা। সেটিও বিশ্বকাপের খেলায়। বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাইয়ে বৃহস্পতিবার লাওসকে হারিয়ে জামাল ভুইয়ারা দেশবাসীকে দারুন এক উপহার দিলেন। ঈদের আনন্দে বাড়তি মাত্রা এনে দিয়েছেন ক্রিকেটার, ফুটবলাররা।

কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের বাছাইয়ে প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে খেলতে বাংলাদেশ ফুটবল দল লাওস গিয়েছিল। হোম এন্ড অ্যাওয়ের ম্যাচের প্রথম লড়াইটা ছিল গুরুত্বপুর্ণ। বাংলাদেশ জিতবে এমন কথা জোর দিয়ে বলেও যাননি দলের ব্রিটিশ কোচ জেমি ডে। বলেছিলেন অন্তত একটা  ড্র নিয়ে ঢাকায় ফিরতে চান। লাওসের মাঠে স্বাগতিক দেশের বিপক্ষে ড্র হলে একটা সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলার ফুটবলাররা। ঢাকায় ফিরে ফিরতি লেগের খেলায় ঘরের মাঠের সুবিধা পাওয়া যাবে। এই ভাবনায় লাওস গেলেও বাংলাদেশ পুরো ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে। জয় নিয়ে ফিরছে। লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে গত বৃস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ১-০ গোলে লাওসকে হারিয়েছে।

লাওসে বাংলাদেশের সমর্থক খুব একটা ছিল না। লাওসের হোম ভেন্যুতে তাদের সমর্থকদেরই আধিক্য ছিল। প্রতিপক্ষ দল, প্রতিপক্ষ দর্শক- পুরো পরিবেশটাই ছিল বাংলাদেশের বিপক্ষে। এমন পরিস্থিতিতে লড়াই করে টিকে থাকা কঠিন ছিল। গোল খাওয়া যাবে না। গোল হজম করলে ঢাকার মাঠের লড়াইটা কঠিন হয়ে যাবে। যতটুকু ভালো করা যায় সেটাই লাভ। ছোট ছোট লাভের আশায় নিজেদের ঘর আগলে গোল না খাওয়ার শপথে প্রতিপক্ষের আক্রমন মোকাবেলা করে আসছিলেন গোলকিপার আশরাফুল ইসলাম রানা, মাসুক মিয়া জনি, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, আরিফুর রহমান আরিফ, বিপলু আহমেদ, জীবন, জামাল ভুইয়ারা। গোলকিপার রানা একাধিক আক্রমন সামাল দিয়েছেন। খুব দৃঢ়তার সঙ্গেই ঘর আগলে রেখেছিলেন। প্রথমার্ধের এমন পরিস্থিতি বদলে যায় দ্বিতীয়ার্ধে। বাংলাদেশ যেন দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে। ক্রমে ক্রমে পরিস্থিতি বুঝে লাওসের উপর আক্রমন করতে শুরু করে। লাওসের ফাঁক ফোঁকরগুলো ততক্ষণে চেনা হয়ে গেছে। উদ্দেশ্য ছিল শেষ মুহুর্তে কামড় বসাতে হবে। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি আরিফুর রহমান আরিফকে তুলে নিয়ে রবিউল হাসানকে মাঠে নামান। আক্রমনভাগের শক্তি বেড়ে যায়। ৭১ মিনিটে এই বদলী ফুটবলার রবিউল হাসান বক্সের বাইরে থেকে দারুন এক শটে গোল করেন ১-০। সেই গোলের উপর ভর করে বাংলাদেশ দল বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাইয়ে দারুন সূচনা করে। ঢাকায় ফিরতি খেলা ১১ জুন, আগামী মঙ্গলবার। সেই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ দ্বিতীয় ধাপের বাছাইয়ে ঢুকবে। এশিয়া অঞ্চলের সেরা ৪০ দেশের বাছাইয়ে জায়গা পাবে। বলে রাখা ভালো যে, ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ের পাশাপাশি এই বাছাইটি ২০২১ এশিয়ান কাপেরও বাছাই হিসাবে ধরে নেওয়া হবে। বিদায় নিলে দুটো থেকেই এক সঙ্গে বিদায় নেবে।

বাংলাদেশ দল ঃ আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া (সবুজ) ও আরিফুর রহমান আরিফ (রবিউল হাসান)।