ঈদের ছুটিতে সড়কে ঝরল ৪৬ প্রাণ

আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:৪৮

ঈদের ছুটি চলাকালীন গত ৪ দিনে ১৭ জেলায় সড়ক দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। এসব দুর্ঘটনার অন্তত ৬টিই মোটরসাইকেল কেন্দ্রিক। ফলে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে অনেক পরিবারের। কক্সবাজারে মিনি ট্রাকে গান-বাজনার তালে নাচতে গিয়ে ট্রাক উল্টে তিন রোহিঙ্গা নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ প্রতিনিধি :ঈদের ছুটির মধ্যে তিন দিনে সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নয়জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। বৃৃহস্পতিবার হাটিকুমরুল বনপাড়া মহসড়কের হরিণচড়াতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়। নিহতরা হলেন অগ্রণী ব্যাংক ঢাকা ট্রেনিং সেন্টারের এজিএম ইমারত হোসেন (৪২) ও প্রাইভেটকারের চালক রুবেল (৪৫)। ব্যাংক কর্মকর্তা ইমারত হোসেন সিরাজগঞ্জের বেলকুচিতে শ্বশুরবাড়ি থেকে ফরিদপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

বুধবার রায়গঞ্জের ভূইয়াগাতিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়। একইদিন ভোরে রায়গঞ্জের চাবারীপাড়া এলাকায় বগুড়াগামী ডিপজল পরিবহনের একটি কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়। গুরুতর আহত কোচের হেলপারকে বগুড়াতে নেওয়ার পর মারা যায়। অন্যদিকে, মঙ্গলবার রায়গঞ্জে বাস উল্টে খাদে পড়ে চার যাত্রী নিহত হয়। এরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালব সদানন্দ গ্রামের এলাহি বক্স এর ছেলে শাহজাহান মিয়া (৩৫), সুন্দরগঞ্জ উপজেলার কিশামত ফজদিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফজলুল হক (৩৭), একই উপজেলার কুঠিবাড়ি গ্রামের দুলু মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৪০) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর মাধবীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আতাউর রহমান (৩২)।

লালমনিরহাট প্রতিনিধি : বুধবার লালমনিরহাটের বড়বাড়ি স্মৃতিসৌধ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে  তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন— কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নিলুর খামাড় এলাকার মোজাম্মেল হকের ছেলে হাফিজুর রহমান (২৫), রংপুর তাজহাটের শেখপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও ফারুক হোসেন (২৬)। ফারুকের ঠিকানা জানা যায়নি।

পিরোজপুর অফিস :পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ইসরাত জাহান। সে উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের ইস্রাফিল বেপারীর একমাত্র কন্যা।

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশায় বুধবার রাতে দ্রুতগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো— পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকাবাসী মহাদেব সাহার ছেলে স্বপন সাহা (২৫) ও একই এলাকার আফজাল খানের ছেলে শাওন খান (২৮)। আহত হয়েছে আরো ২ জন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (১৪) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। নিহত ইমন ইব্রাহিমপুর শাহ্ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ্ (রা) ফাযিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। তার বাড়ি উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। ইমন বন্ধুদের নিয়ে একটি অটোরিকশায় ঘুরতে বের হয়। অটোরিকশাটি উপজেলার শ্রীরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই শিশু নিহত হয়েছে। বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা আশা জুট মিলের সামনে এই ঘটনা ঘটে।

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রিমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নজিপুর-মাতাজিহাট সড়কের বেংডোম মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিমন মহাদেবপুর উপজেলার কুনজবন গ্রামের বেলাল হোসেনের ছেলে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা :গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস উল্টে আজিজুল ইসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজিজুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কল্যাণী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকার ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইকবাল ও সোহাগ নামে দুই সহোদর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের চৌকিদার বাড়ির আবুল কালামের ছেলে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা :ঈদের দিন বুধবার বিকালে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশে একটি বড় গাছে ধাক্কা খায়। প্রাইভেট কারটি মহাসড়কের উপর আছড়ে পড়লে এর চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গত সোমবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া নামক স্থানে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মকিত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৬) ও একই গ্রামের সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২২) নিহত হয়। অন্যদিকে, মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা ব্রিজের কাছে মাইক্রোবাস চাপায় মানিক শেখ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়।

মাগুরা প্রতিনিধি : গতকাল শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর নামকস্থানে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে  মোটরসাইকেল আরোহী সোহাগ মোল্লা ( ৩৫) নিহত হয়েছে। সোহাগ জেলার শালিখার সানি আড়পাড়া গ্রামের ওহাব মোল্লার ছেলে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা :কুমিল্লার চৌদ্দগ্রামে গত তিন দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. তামিম (৭) নামের এক শিশু নিহত ও উপজেলা বিএনপির আহবায়ক মো. কামরুল হুদাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত তামিম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের প্রবাসী মাসুমের ছেলে।

কক্সবাজার প্রতিনিধি ও টেকনাফ সংবাদদাতা :কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ ও মহাসড়কের চকরিয়া এলাকায় পৃথক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত ও আনুমানিক ২৭ জন আহত হয়েছেন। নিহতের মাঝে তিন জন রোহিঙ্গা।  শুক্রবার বেলা ২টা ও বেলা ১১টায় পৃথক সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।

 এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ রোহিঙ্গা। নিহত রোহিঙ্গারা হচ্ছে— কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ জুবাইর (১৭), একই শিবিরের সি-ব্লকের মোহাম্মদ ইদ্রিস (৩০) ও নূর মোহাম্মদ (৪০)। অপরদিকে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা (৪২) ও ডুলাহাজারা ইউনিয়নের চা বাগান এলাকার দিপক পালের ছেলে সনাক পাল (২৭) নিহত হন।

স্টাফ রিপোর্টার, বগুড়া :বগুড়ায় ঈদের ছুটির মধ্যে জেলার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া-নামুজা সড়কে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল ধাক্কায় হামিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়িদহ এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক শহিদুল ইসলাম (৪০) মারা যান। আহত হয়েছেন ১৪ জন। একই দিন সন্ধ্যায় বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় হোটেল মম ইন এর সামনে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা: রংপুরের মিঠাপুকুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সানি আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন দুপুরে এ ঘটনা ঘটে।

ইত্তেফাক রিপোর্ট:সাভারের আশুলিয়ায় লিচু বোঝাই একটি ট্রাক পুলিশ বহনকারী একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:ঝিনাইদহের মহেশপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঈদের দিন সকালে উপজেলার খদ্দর খালিশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আলিম হোসেনের ছেলে বিপলু হোসেন (২০), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রানা (১৩) একই উপজেলার বাড়াদি গ্রামের ফিরোজ হোসেন (১৫)।

নেত্রকোনা প্রতিনিধি:মঙ্গলবার নেত্রকোনা-ময়মনসিংহ  মহাসড়কে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের  রাজেন্দ পুর রেল গেটের সন্নিকটে বাসের চাপায় চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মজিবুর রহমান (পশর আলী) সহ ২ জন নিহত হয়েছেন। একই দিন কেন্দুয়া উপজেলায় বাসের ধাক্কায় মিলুময়া নামে আরো এক ব্যক্তি নিহত হন।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ফরিদ বিশ্বাস (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে  এ দুর্ঘটনা ঘটে।