ফরিদপুর থেকে ঢাকাসহ সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। অবৈধ থ্রি হুইলার শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সোমবার (৬ জুন) দুপুর থেকে ধর্মঘটে যান তারা। এদিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন বাস টার্মিনালে আসা যাত্রীরা।
শ্রমিকরা জানিয়েছে, আজ বাস টার্মিনাল থেকে আলফাডাঙ্গাগামী একটি বাস ড্রাইভারকে মারধর করে মাহেন্দ্র চালকরা। এতে রাসেল নামে ওই বাস ড্রাইভারের হাত ভেঙ্গে গেছে। এই খবর টার্মিনালে শ্রমিকদের কাছে আসলে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এ সময় তারা জানান, তাদের দাবি মহাসড়কের সব ধরনের থ্রি হুইলার বন্ধ করতে হবে।
ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির জানান, বাস চালককে মারধরের খবরে শ্রমিকরা উত্তেজিত হয়ে পরেছে। আমরা সাধারণ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই বাস চালুর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ এম এ জলিল জানান, শ্রমিকদের সঙ্গে কথা হচ্ছে, ৭ দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি, কিন্তু এরপরও তারা বাস চালাচ্ছে না। আমরা পর্যবেক্ষণ করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
